
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে বারবার রাজনীতির স্বার্থে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করছে। তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার নয়, জীবনের আদর্শ হিসেবে ধারণ করতে হবে।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে কাসেমী পরিষদ। সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। রাসুল (সা.) যে ইসলামের প্রচার করেছেন এবং সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। যারা ফিতনা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে। সহিহ দ্বীনি শিক্ষা ও চর্চার বিকল্প নেই।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা মুসলিমবিদ্বেষী রাজনীতি চালিয়ে এসেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে ইসলাম ও আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের আদর্শিক ও নৈতিক রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির সংস্কৃতি বিলুপ্ত করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চাই পারে বাংলাদেশ থেকে অপরাজনীতি দূর করে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করতে।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য আবু আল ইউসুফ, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।